ক্যাবের উদ্যোগে ও গ্রীন ভয়েস, বেরোবি শাখার সহযোগিতায় “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীরা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে এবং গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীরা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৪ জন মহিলা এবং ৪৬ জন পুরুষ শিক্ষার্থী ছিলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, ক্যাব; নিয়াজ মাখদুম, সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; আরিফুল ইসলাম, নেসকো; ড. সোহাগ আলী, সহযোগী অধ্যাপক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; এবং জামিল রহমান জাকির, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিফ আর রহমান স্বপ্নীল।

কর্মশালার সূচনা পর্বে বক্তব্য দেন শুভ কিবরিয়া, সমন্বয়ক (গবেষণা), ক্যাব। তিনি জ্বালানি কী, জ্বালানি উৎপাদন ও বিনিয়োগ কীভাবে পরিচালিত হয়, জ্বালানির মূল্য কীভাবে নির্ধারিত ও বৃদ্ধি পায় এবং এর প্রভাব কীভাবে সরাসরি গ্রাহকদের ওপর পড়ে, সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং উৎপাদন ও মূল্য নির্ধারণের সঙ্গে ভোক্তাদের স্বার্থের সম্পর্ক তুলে ধরেন। তিনি বাংলাদেশের জ্বালানি খাতের কাঠামো, বিদ্যুতের মূল্য নির্ধারণের প্রক্রিয়া এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা নিয়েও আলোচনা করেন। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা, বিনিয়োগের ধরন ও প্রক্রিয়া, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং এর ফলে গ্রাহকদের ওপর সৃষ্ট আর্থিক চাপ নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

এরপর সেশন নেন এ এস এম আরিফ হাসান, শিক্ষার্থী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জ্বালানি সংকটের কারণ, এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সংকট মোকাবিলায় সম্ভাব্য সমাধান নিয়ে তিনি আলোকপাত করেন। লুণ্ঠনমূলক ব্যয়, মিটার বাণিজ্য, পায়রা বিদ্যুৎকেন্দ্র, শ্যামপুরসহ বিভিন্ন প্রকল্প, জ্বালানি খাতের ব্যয়, অর্থবাজার ও যৌথ মালিকানার মতো বিষয়ও তাঁর আলোচনায় উঠে আসে। একই সঙ্গে জ্বালানি খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় কমিয়ে কীভাবে সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং চলমান সংকট কীভাবে মোকাবিলা করা সম্ভব, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

কুইজ প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন প্রফেসর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, ক্যাব। তিনি বলেন, জ্বালানি খাতে কোনো সমস্যা বা অনিয়মের মুখোমুখি হলে শিক্ষার্থীদের নীরব না থেকে বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে। এর মাধ্যমে জনসচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে জনগণের মতামত ও দাবি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। জ্বালানি সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে তিনি শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরবর্তীতে অতিথিদের বক্তব্য ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জ্বালানি ইস্যুকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে প্রতিষ্ঠা করা, জনস্বার্থসংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নে মতামত প্রদান এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জননীতিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ নিয়ে আলোচনা করেন তারা। বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু সচেতন দর্শক নয়, বরং তথ্য, গবেষণা, জনসচেতনতা ও নীতিগত আলোচনার মাধ্যমে জ্বালানি খাতের বিভিন্ন ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন সাফিয়াহ মালিয়াত, সমাজবিজ্ঞান বিভাগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেন জান্নাতুল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেন আহসানারা আদুরী, মার্কেটিং বিভাগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন ক্যাব, রংপুর জেলা সভাপতি আব্দুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জ্বালানি সংকট ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। জ্বালানি সংকট মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান

।

 

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জ্বালানি নিরাপত্তা, ভোক্তা অধিকার, বিদ্যুতের মূল্য, জ্বালানি সংকট, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।