ক্যাব রাজশাহীর উদ্যোগে “ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার” শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী-এর উদ্যোগে রাজশাহী শহরে “ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার” শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওয়ারিশন কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল জ্বালানি বিষয়ে সুশীল সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং জ্বালানি ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরের বিষয়ে তাদের মতামত ও দাবি তুলে ধরা। অনুষ্ঠানে ক্যাবের রাজশাহী বিভাগের ৮টি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এম. আর. বি. ত্বাহসীন, শিক্ষার্থী, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সূচনা পর্বে ক্যাবের সমন্বয়ক (গবেষণা) জনাব শুভ কিবরিয়া অনুষ্ঠানের সার্বিক বিষয়বস্তু ও লক্ষ্য উল্লেখপূর্বক পরিচয় পর্ব সম্পন্ন করেন।

এরপর আর রাফি সিরাজী অন্তর, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় “জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ১৩ দফা দাবি” শীর্ষক আলোচনায় জ্বালানি বণ্টনে বৈষম্য, আমদানি, লুণ্ঠনমুক্ত ব্যবস্থা এবং সেবা খাত পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অরিত্র রোদ্দুর ধর, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় “নবায়নযোগ্য জ্বালানির মূল্য নির্ধারণ: যুব সংসদের চোখে” শীর্ষক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাদেশের এনার্জি ক্যাপাসিটি কি আসলেই বিদ্যুতের চাহিদা?” আলোচনায় তিনি affordability crisis-এর বিষয়টি তুলে ধরেন এবং এই সংকট থেকে উত্তরণের জন্য কুলতাত্ত্বিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সোলার ক্যাপাসিটি বৃদ্ধি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়ার বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করেন।

এরপর শুভ কিবরিয়া, সমন্বয়ক (গবেষণা), ক্যাব “জ্বালানি রূপান্তর, নীতিগত ও ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি–২০২৪” শীর্ষক বিস্তারিত আলোচনা করেন। তাঁর আলোচনায় জ্বালানি রূপান্তর ও সংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলোর পাশাপাশি “২০২৪ সালের ১৫ নং অধ্যাদেশ রহিতকরণ” বিষয়ের সার্বিক দিকগুলো উপস্থাপন করেন।

পরবর্তীতে মুক্ত আলোচনা পর্ব শুরু হয়। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন মাহমুদুল আলম (সহকারী অধ্যাপক, তানোর মহিলা কলেজ), মো. রইসউদ্দীন সরকার (নাটোর), মো. মিজানুর রহমান (সহ-সভাপতি, ক্যাব, রাজশাহী), শওকত আলী (সভাপতি, ক্যাব, সিরাজগঞ্জ), আজাদুল ইসলাম আজাদ (সভাপতি, ক্যাব, নওগাঁ), মাহমুদুল হাসনাইন হৃকল (সদস্য সচিব, রাজশাহী স্বার্থ সংস্থা কমিটি), সিনিয়র সাংবাদিক নাজমুল হক (সভাপতি, ক্যাব, পবা উপজেলা), শামীমা লাইজু (সভাপতি, ক্যাব, নাটোর), জলীল প্রামাণিক এবং হায়দার উদ্দীন (সভাপতি, ক্যাব যুব সংসদ, রাজশাহী)। আলোচনা পর্বে জ্বালানি দুর্নীতি, জ্বালানি সংকট নিরসনে উদ্ভাবনী কর্মশালা প্রদান, জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ১৩ দফা দাবি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ৬০% টেম্পারিং-এর বিপক্ষে অবস্থানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থাপনার সঙ্গে তরুণদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এরপর মারুফা কলি (প্রকল্প ব্যবস্থাপক, ক্যাব)-এর বক্তব্যের মাধ্যমে জ্বালানি খাতের বিদ্যুৎ সেক্টরের সার্বিক ত্রুটি-বিচ্যুতি আলোচনা সাপেক্ষে কর্তৃপক্ষের গাফিলতিগুলো তুলে ধরেন এবং এরই সঙ্গে মুক্ত আলোচনা পর্ব সমাপ্তি হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন কাজী গিয়াস উদ্দীন, সভাপতি, ক্যাব, রাজশাহী। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আলোচকরা অভিমত ব্যক্ত করেন যে, জ্বালানি নিরাপত্তাকে শুধু পরিমাণগত জ্বালানি সরবরাহ হিসেবে না দেখে জ্বালানির ন্যায্যতা, জনগণের অংশগ্রহণ, সাশ্রয়ী জ্বালানি পাওয়া, সুশাসন, স্বচ্ছতা এবং টেকসই জ্বালানি রূপান্তরের সঙ্গে যুক্ত করে দেখার ওপর গুরুত্ব দেওয়া দরকার। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বাত্মক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।