ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: দেশের নগর ও স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে ব্যক্তিখাতের বিনিয়োগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় প্রায় ১৩২.৬১ মেগাওয়াট-পিক (MWp) সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় ‘ব্যক্তিখাতের বিনিয়োগে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় ছাদসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং বিনিয়োগে আগ্রহী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া। মূল আলোচনা উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রকৌশলী শিহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মিরানা মাহরুখ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সংশ্লিষ্ট সভাপতি এবং সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় সম্ভাবনা
উপস্থাপিত প্রাক্কলন অনুযায়ী, ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় ৫২.৫০ মেগাওয়াট-পিক, ১৫০টি কলেজ এলাকায় ৫১.১২ মেগাওয়াট-পিক, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২৪.৬৩ মেগাওয়াট-পিক এবং শৈলকুপা পৌর এলাকায় ৪.৩৬ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা রয়েছে। বক্তারা বলেন, ভূমির সীমাবদ্ধতা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার প্রেক্ষাপটে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন, বাণিজ্যিক স্থাপনা, হাটবাজার এবং উপযুক্ত জলাশয় পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে নতুন জমি অধিগ্রহণের প্রয়োজন কমিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব।
সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় ও OPEX মডেল

মুখ্য আলোচক অধ্যাপক এম. শামসুল আলম সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর সম্ভাবনা, বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। উপস্থাপিত মূল্যায়ন অনুযায়ী, সরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় LCOE প্রতি ইউনিট ৪.০৪ টাকা, কলেজ এলাকায় ৪.১৫ টাকা, শৈলকুপা পৌর এলাকায় ছাদভিত্তিক ব্যবস্থায় ৪.০০ টাকা ও ভাসমান ব্যবস্থায় ৪.৭৫ টাকা এবং রাজশাহী মহানগরে ৪.০৪ টাকা। গড় উৎপাদন ব্যয় প্রতি ইউনিট প্রায় ৪.১০ টাকা বলে উল্লেখ করা হয়।
প্রস্তাবিত OPEX মডেলে বিনিয়োগকারী কেন্দ্র স্থাপন, যন্ত্রপাতি সরবরাহ এবং পরিচালনায় অর্থায়ন করবেন এবং উৎপাদিত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে বিনিয়োগ ফেরত ও আয় অর্জনের সুযোগ পাবেন। এতে গ্রাহকের শুরুতে বড় অঙ্কের মূলধন বিনিয়োগের প্রয়োজন কমবে। প্রাক্কলন অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলো থেকে প্রথম বছরে প্রায় ১৯.৩ কোটি ইউনিট এবং ২০ বছরে প্রায় ৩৭০.৩ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। EPC ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৩১ কোটি টাকা এবং প্রতি ইউনিট ৭.৫০ টাকা ধরে ২০ বছরের সম্ভাব্য মোট বিক্রয়মূল্য প্রায় ২,৭৭৭ কোটি টাকা হতে পারে।
বিনিয়োগ সুরক্ষা ও নীতিগত সহায়তার দাবি
উন্মুক্ত আলোচনায় বিনিয়োগকারীরা বিনিয়োগের নিরাপত্তা, দীর্ঘমেয়াদি আর্থিক রিটার্ন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সরকারি সংস্থার কার্যকর সহযোগিতা এবং নির্ধারিত ট্যারিফ ও প্রণোদনার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে অধ্যাপক এম. শামসুল আলম বের্কের নিয়ন্ত্রণ ও তদারকি শক্তিশালী করা, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত ভূমিকা জোরদারের ওপর গুরুত্ব দেন। এ ছাড়া বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি কমিটি বা টাস্কফোর্স গঠনের প্রস্তাব তুলে ধরা হয়।
সরকারের নীতিগত উদ্যোগ ও পরিবেশগত সুফল
প্রধান অতিথি জনাব মিরানা মাহরুখ বলেন, বিদ্যুৎ খাতের বিদ্যমান ঘাটতি ও আমদানিনির্ভরতা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। তিনি জানান, গত ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র অনুমোদিত হয়েছে। সরকার কর-সুবিধা, প্রণোদনা এবং অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে এবং গত চার মাসে ৮,৩৩৬ জন নতুন বিনিয়োগকারী এ খাতে যুক্ত হয়েছেন।
আলোচনায় ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ কমানোর লক্ষ্য তুলে ধরা হয়। প্রাক্কলন অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে প্রথম বছরে প্রায় ১ লাখ ১৯ হাজার ৫০২ টন এবং ২০ বছরে প্রায় ২৩ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন এড়ানো সম্ভব হবে।
যুবসমাজের অংশগ্রহণ ও ভোক্তা স্বার্থ রক্ষা
স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের বিস্তার ও দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে প্রশিক্ষণ ও সেবা প্রদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘সোলার শপ অ্যান্ড সার্ভিস সেন্টার’ স্থাপনের প্রস্তাব তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে বিদ্যুৎ খাতে অনিয়ম ও বিদ্যুৎ চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগকারীদের ব্যবসায়িক মুনাফার পাশাপাশি সাধারণ ভোক্তাদের স্বার্থ ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া ক্যাবের জন্য একটি স্বতন্ত্র ভবন ও প্লট বরাদ্দের বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা মত দেন, জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনিয়োগের নিরাপত্তা, স্বচ্ছ ও কার্যকর চুক্তি, যৌক্তিক ট্যারিফ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাধীন পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে। অব্যবহৃত ছাদ ও উপযুক্ত স্থানকে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় এনে বেসরকারি বিনিয়োগ ও যুবসমাজের অংশগ্রহণকে সমন্বিত করা গেলে দেশের বিদ্যুৎ খাতে একটি টেকসই ও বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পথ সুগম হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।