কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে “রাজশাহী সিটি কর্পোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন” শীর্ষক প্রতিবেদনের ফলাফল প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী
র রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া এবং সেশন পরিচালনা করেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম ।
লাইফলাইন গ্রাহক জরিপের ফলাফল:
রাজশাহী সিটি কর্পোরেশন ও শৈলকুপা (ঝিনাইদহ) পৌরসভা এলাকার মোট ৫৫৬টি খানার (রাজশাহীতে ৩৩৪ এবং শৈলকুপায় ২২২) ওপর পরিচালিত দশ বছরের এই তুলনামূলক সমীক্ষায় উঠে এসেছে, গত এক দশকে লাইফলাইন গ্রাহকদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। ৮৫% খানায় বিদ্যুৎ ব্যবহার বেড়েছে, ৭৭% খানায় যন্ত্রপাতির সংখ্যা ও বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে (যেমন: ফ্রিজের মালিকানা ১০% থেকে ৪০% এবং টেলিভিশনের মালিকানা ৩৪% থেকে ৪৮% হয়েছে) এবং ৭৬% খানায় পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে। ৮৯% উত্তরদাতা মনে করেন বিদ্যুৎ জীবনমান উন্নত করেছে এবং ৯৭% জানিয়েছেন বিদ্যুতের কারণে রাতে বেশি নিরাপদ বোধ করেন। তবে ৬৯% জানিয়েছেন আয়ের তুলনায় বিদ্যুৎ বিলের চাপ বেড়েছে এবং ৫৫% সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলেছেন।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাবনা:
সমীক্ষায় চারটি ক্ষেত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা (MWP) যাচাই করা হয়। এর মধ্যে ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় ৫২.৫০ মেগাওয়াট, ১৫০টি কলেজ এলাকায় ৫১.১২ মেগাওয়াট, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২৪.৬০ মেগাওয়াট এবং শৈলকুপা উপজেলা পৌরসভা এলাকায় ৪.০৬ মেগাওয়াট সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে।
দারিদ্র্য শনাক্তকরণে বিদ্যুৎ ব্যবহার:
ক্যাবের প্রস্তাবনায় বলা হয়, পরিবারভিত্তিক বিদ্যুৎ ব্যবহার দারিদ্র্য শনাক্তকরণের একটি সম্ভাবনাময় নির্দেশক হতে পারে। নিয়মিত মিটার রিডিং থেকে কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবার খুঁজে সংক্ষিপ্ত আর্থসামাজিক অবস্থা যাচাই করা হলে নতুন করে দরিদ্র পরিবার খোঁজায় সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন হয় না। সমাজকল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের ব্যয়বহুল প্রকল্পের বিকল্প হিসেবে এই পদ্ধতি ব্যবহারের সুপারিশ করা হয়। এর মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২ হাজার ৬৯৯ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয়ের ২১৬ কোটি টাকার প্রকল্পের ব্যয় সাশ্রয় সম্ভব। এ লক্ষ্যে ১২ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করা হয়, যার মধ্যে রয়েছে পরীক্ষামূলক গ্রহণ, দায়িত্ব ও সমন্বয় নির্ধারণ, মিটার ও প্রকৃত পরিবারের সম্পর্ক যাচাই, বারো মাসের প্রকৃত ব্যবহার সংগ্রহ, স্থানীয় তথ্য দিয়ে ব্যবহারসীমা পরীক্ষা, প্রতিনিধিত্বশীল পাইলট পরিচালনা, স্বাধীন তুলনামান প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্যতার মান আগেই নির্ধারণ।
প্রধান অতিথির বক্তব্য :
প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, “বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল। জবাবদিহি নিশ্চিত করা গেলে কোনো খাতেই অনিয়মের সুযোগ থাকবে না। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি খাত ও প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। দরিদ্র অনেক পরিবারকে ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনা করে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন। বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে
বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। এ বিষয়ে আয়োজকদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন সামনে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে তা যাচাই-বাছাই করতে হবে।”
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, “নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে। নিজেদের চাহিদা পূরণের পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে এবং দেশ এগিয়ে যাবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখনো অনেক কম। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে স্থানীয় পর্যায়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর নীতি ও প্রণোদনা দিতে হবে।”
গবেষক ও সাংবাদিক কাজল রশিদ শাহিন বলেন, “বিদ্যুৎ ব্যবহারের তথ্যের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণের প্রস্তাবটি অত্যন্ত সময়োপযোগী। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো পরিবার যাতে ভুলভাবে তালিকা থেকে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শিহাব উদ্দিন বলেন, “ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাবনা যাচাইয়ের এই সমীক্ষাটি আমাদের দেখিয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিনিয়োগ নিরাপত্তা, স্বচ্ছ দীর্ঘমেয়াদি চুক্তি, কার্যকর নিয়ন্ত্রণ এবং দক্ষ জনবল তৈরি করতে হবে। ড্যাফোর্ডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইতিমধ্যে সোলার প্যানেল স্থাপন ও এনার্জি অডিট বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। এই ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।”
গবেষক আনিস রায়হান বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাবের সুপারিশ:
১. সরকারের ব্যয়বহুল প্রকল্পের বিকল্প হিসেবে পরিবারভিত্তিক বিদ্যুৎ ব্যবহারকে দারিদ্র্য শনাক্তকরণের প্রাথমিক নির্দেশক হিসেবে পাইলট ভিত্তিতে গ্রহণ করা।
২. স্থানীয় পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তোলা।
৩. লাইফলাইন সহায়তার পরিমাণ ও বিতরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন করা এবং সরবরাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সরকার, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্যাব ভবিষ্যতে এই বিষয়ে আরও গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।