এম. শামসুল আলম
এনার্জি (বিদ্যুৎ/জ্বালানি) খাতে ব্যক্তিখাত বিনিয়োগের প্রয়োজন হতে পারে। একজন বিনিয়োগকারি মূলধন বিনিয়োগ করবেন, প্রযুক্তিগত ও বাজারঝুঁকি নেবেন এবং দক্ষতার সঙ্গে জ্বালানি সেবা দেবেনㄧএর বিনিময়ে তিনি ন্যায্য ও যৌক্তিক মুনাফা পাবেন। সমস্যা তৈরি হয় তখনই, যখন বিনিয়োগকারীর মুনাফা নিশ্চিত থাকে, কিন্তু বিনিয়োগের ঝুঁকি বহন করে রাষ্ট্র বা ভোক্তা। অর্থাৎ, মুনাফা ব্যক্তির; ঝুঁকি জনগণের। এমন ব্যবস্থা ন্যায়সংগত নয়; বরং তা লুণ্ঠনমূলক। বিনিয়োগের ঝুঁকি, সেবার মান ও দক্ষতার সঙ্গে মুনাফার একটি যৌক্তিক সম্পর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে, প্রয়োজনীয় ও দক্ষ ব্যয়ের তুলনায় প্রকৃত ব্যয় ও মুনাফা অস্বাভাবিকভাবে বেশি হলে সেই ব্যবস্থাকে লুণ্ঠনমূলক বলতেই হয়। প্রতিযোগিতামূলকভাবে কেনাকাটা, দক্ষ ব্যবস্থাপনা এবং যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে এ ধরনের লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা অনেকটাই এড়ানো সম্ভব। কিন্তু জ্বালানি সেবার মূল্য যদি শুধু ‘Cost + মুনাফা’ ভিত্তিক হয়, তাহলে ব্যয় কমানোর জন্য বিনিয়োগকারীর ওপর চাপ থাকে না। বরং ব্যয় যত বাড়ে, মুনাফার সুযোগও তত বাড়ে। শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়ে জনগণের ওপর। বাংলাদেশ বর্তমানে কাঠামোগতভাবে এমন পরিস্থিতির মধ্যেই রয়েছে।
গত দেড় দশকে বাংলাদেশের জ্বালানি-বিদ্যুতের সরবরাহ ব্যয় অন্যায় ও অস্বাভাবিকভাবে বেড়েছে। এ সময়ে করা বিভিন্ন অস্বচ্ছ প্রতিযোগিতাবিহীন অসম চুক্তি এবং দায়মুক্তির আইনি ব্যবস্থার কারণে এ খাত জবাবদিহি ও দক্ষতার সংকটে। ফলে এ-খাত লুণ্ঠন হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অকার্যকর। এর ফলে উচ্চ ব্যয়, অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতি ক্রমাগত বাড়ছে। ফলে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার ও ভতুর্কি বৃদ্ধি চরমে। বাকি-বকেয়ার বৃদ্ধিও অব্যাহত। রাষ্ট্র ঋণের কিস্তি পরিশোধে অক্ষম। অন্যদিকে প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা বাড়ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। তাই ভোক্তা লুণ্ঠনও ক্রমেই তীব্র হচ্ছে।
ব্যক্তিখাত বিনিয়োগের প্রয়োজন থাকলেও তা যেন জনস্বার্থ, প্রতিযোগিতা, স্বচ্ছতা ও কার্যকর নিয়ন্ত্রণের বিকল্প হয়ে না দাঁড়ায়ㄧএটি নিশ্চিত করা জরুরি। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত জ্বালানি অপরাধীদের জবাবদিহির আওতায় না এনে তাদের সুবিধা ও সুরক্ষা অব্যাহত রাখায় এ খাতের সংকট আরও গভীর হচ্ছে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হচ্ছে সরকার ও জনগণকেই।
বাংলাদেtশে বিদ্যমান জ্বালানির সংকট কেবল বিদ্যুৎ বা জ্বালানির ঘাটতি নয়, এটি একটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংকট। যখন প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের তুলনায় উৎপাদন ব্যবস্থা অধিক ব্যয়বহুল হয়, অদক্ষতা দীর্ঘস্থায়ী হয় এবং সেই ব্যয়ের বোঝা ভর্তুকি বা মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের উপর স্থানান্তরিত হয়, তখন জ্বালানি সংকট সামর্থ্যের সংকট (affordability crisis)-এ রূপ নেয়। অন্যদিকে ব্যক্তিখাত বিনিয়োগে মুনাফা সুরক্ষায় শতভাগ নিশ্চয়তা থাকায় জ্বালানি নিরাপত্তা ঝুঁকি জনগণ ও মুদ্রাস্ফীতির ঝুঁকি ভোক্তা এবং বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ব্যবহারের ঝুঁকি ইউটিলিটি বহন করে। ফলে ব্যক্তিখাত বিনিয়োগকারি ব্যবসায়িক ঝুঁকিমুক্ত থাকে। তাই বিদ্যুৎ ক্রয়চুক্তি ও জ্বালানি চুক্তিতে ঝুঁকি বণ্টনে ভারসাম্য নিশ্চিত না করা হলে কস্ট ক্রাইসিস মোকাবেলা করা সরকারের পক্ষে সম্ভব নয়। ফলে সরকার ও জনগণের জন্য সামর্থ্যসংকট আরো বেশী জটিল হবে।
বিদ্যুৎ-জ্বালানি অর্থনীতির মৌলিক অবকাঠামো। এটি খাদ্য, পানি, পরিবহন ও যোগাযোগের মতোই মানুষের জীবন ও উৎপাদনের জন্য অপরিহার্য। তাই জ্বালানি খাতের প্রধান উদ্দেশ্য বাণিজ্যিক মুনাফা অর্জন হতে পারে না। বরং রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজেকে মুনাফা মুক্ত রেখে জনগণের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ/জ্বালানী সেবা নিশ্চিত করা। ব্যক্তিখাত বিনিয়োগকে এই লক্ষ্যের অধীনস্থ করা। কিন্তু বিদ্যুৎ/জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় এই লক্ষ্য অনুপস্থিত। বরং বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও নুতন অবকাঠামো নির্মান বেশী গুরুত্ব পেয়েছে। এথানে উল্লেথযোগ্যㄧ (১) অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১.৫-১.৮ বিলিয়ন মার্কিন ডলার, (২) বছরে বিদ্যুতের চাহিদা বাড়বে ৬%, (৩) খুলনা ও বরিশালে আরো দু’টি এলএনজি টার্মিনাল হবে, (৪) ভোলায় হবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, (৫) মাতারবাড়ী ও পায়রায় হবে কয়লাভিত্তিক অতিরিক্ত দু’টি বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণ, (৬) ২০% স্টোরেজ ক্ষমতাসহ ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি হবে, (৭) সরকার কর্তৃক ক্রয়যোগ্য ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার ১০.৫০ টাকা, (৮) বায়ূবিদ্যুৎ উন্নয়ন হবে ৪ হাজার মেগাওয়াট, (৯) আরো পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান হবে, এবং (১০) গ্রীড বিদ্যুৎ দ্বারা ক্যাপটিভ বিদ্যুৎ প্রতিস্থানকে উৎসাহিত করা হবে। বিন্তু প্রশ্ন হলো, এসব উদ্যোগ কি বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় কমাবে, নাকি নতুন করে ব্যয়ের বোঝা বাড়াবে? শুধু উৎপাদনক্ষমতা বাড়ানো অব্যাহত রেখে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সেবা নিশ্চিত করা কি সম্ভব?
জ্বালানি-বিদ্যুৎ খাত নিয়ে নতুনভাবে ভাবতে হবে। এর প্রধান ভিত্তি হবে জ্বালানি অপরাধ নির্মূল, দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি, জাতীয় সক্ষমতা তৈরি এবং অপ্রয়োজনীয় আমদানি নির্ভরতা কমিয়ে সকল পর্যায়ের ব্যয় হ্রাস। একই সঙ্গে এ খাতকে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে জনস্বার্থ, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে এমপিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় রাজনীতিতে জ্বালানি-বিদ্যুৎকে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জ্বালানি অপরাধীদের বিচার, সরকারি ব্যয় ও চুক্তির জবাবদিহি নিশ্চিত করা, এবং ভোক্তাস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নীতি ও আইন সংস্কারে সংসদকে কার্যকর ভূমিকা নিতে হবে
উক্ত পরিকল্পনা অনুযায়ী জনগণের সামর্থ্যসংকট মোকাবেলা করা কতটা সম্ভব, তা বিশ্লেষণ সাপেক্ষ। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং বিদ্যুৎ বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এক বিষয় নয়। প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও ভোক্তাㄧউভয়কে সামর্থ্যসংকট থেকে মুক্ত রাখতে হবে। সামর্থ্যসংকট মোকাবেলায় প্রথমেই অন্যায়, অযৌক্তিক ও লুণ্ঠনমূলক ব্যয় কমাতে হবে। একই সংগে আমদানি নির্ভরতা কমানো, আর্থিক ও জ্বালানি দক্ষতা বাড়ানো, সাশ্রয়ী মূল্যে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করা, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করা জরুরী। বাংলাদেশে এনার্জি সংকট মোকাবেলায় বিচ্ছিন্ন কিছু Policy Intervention যথেষ্ট নয়। সামর্থ্যসংকট মোকাবেলায় বিদ্যুৎ/জ্বালানী সরবরাহের প্রতিটি পর্যায়ের ব্যয় কমাতে হবে। এজন্য প্রতিটি সমস্যার কাঠামোগত কারণ চিহ্নিত করে তার সঙ্গে সুনির্দিষ্ট Reform যুক্ত করতে হবে।
সরকারের পাঁচ বছর মেয়াদে সামর্থ্যসংকট মোকাবেলায় ক্যাব-এর প্রস্তাবㄧ
(১) মুনাফা গ্রহণে সরকারকে বিরত রেখে এবং সরকারি বিদ্যুৎ/জ্বালানি সেবা মুনাফা ও লুণ্ঠনমুক্ত করে বছরে কম-বেশী ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করে বিদ্যুৎ খাত ভর্তুকি মুক্ত করা, মূল্য বৃদ্ধির চাপ থেকে ভোক্তাকে মুক্ত করা এবং বাকি-বকেয়া ও ঋণের কিস্তি পরিশোধে সরকারের সক্ষমতা উন্নয়ন করা;
(২)(ক) ব্যয়বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান সক্ষমতা ১১’শ এমএমসিএফডি-এর অধিক পরিমান এলএনজি আমদানী না করা, (খ) গ্যাস উন্নয়ন তহবিলের অর্থে এককভাবে বাপেক্স-এর দ্বারা ছাতক (পূর্ব) গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুদ ১ টিসিএফ গ্যাস উত্তোলন করা এবং (গ) পুরাতন কূপ সংষ্কার করে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা;
(৩) রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ৬ টাকা মূল্যহারের বিদ্যুৎ জরুরী ভিত্তিতে গ্রীডে যুক্ত করা;
(৪) তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে ফেজ আউট করে বছরে কমপক্ষে ৩০ হাজার কোটি সাশ্রয় করা;
(৫) কয়লা আমদানি বাড়িয়ে ৯০% এর অধিক প্লান্টফ্যাক্টরে কম-বেশী ৭.৫০ টাকা মূল্যহারে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দ্বারা তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রতিস্থাপন করা;
(৬) ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি দ্বারা ২০% গ্রীড বিদ্যুতের চাহিদা কমিয়ে অনুপাতিক হারে জ্বালানি আমদানি ব্যয় কমানো, এবং বছরে গড়ে ৫% হারে বিদ্যুতের চাহিদা প্রবৃদ্ধি সমন্বয় করা;
(৭) অনধিক ৬ টাকা বেঞ্চমার্ক মূল্যহারে ৫.৫ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা;
(৮) অনধিক ৬.৪৮ টাকা বেঞ্চমার্ক মূল্যহারে মার্চেন্ট পাওয়ার প্লান্টসহ অন্যান্য ইউটিলিটি স্কেলে ৪.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা;
(৯) ভোক্তার টাকায় গঠিত বিদ্যুৎ উন্নয়ন তহবিলের অর্থে ভোলায় পিডিবির মালিকানায় স্বল্প ব্যয়ে ৪০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা;
(১০) জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়নের মাধ্যমে বিদ্যুতের চাহিদা ১৫% কমিয়ে বছরে গড়ে প্রায় ১৯ হাজার কোটি টাকা সাশ্রয় করা;
(১১) সরকারের রাজস্ব ছাড় সমন্বয়ে বর্তমানে বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের লেভেলাইজড উৎপাদন ব্যয়হার ৩.৮৯ টাকা; এক মার্কিন ডলারের মূল্য ১২৩ টাকা হলে সৌরবিদ্যুতের মূল্যহার ভারতে ৩.৮৮ টাকা এবং পাকিস্তানে ৩.৯২ টাকা; ফলে আগামী ২ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মূল্যহার ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ নিশ্চিত করার লক্ষ্যে বিইআরসি’র আওতায় উদ্যোক্তদের সক্ষমতা উন্নয়ন করা; এবং
(১২) বিচারপতি মইনুল ইসলাম চৌধরীর নেতৃত্বাধীন কমিটির সুপারিশের আলোকে আদানির কয়লাভিত্তিক বিদ্যুতের মূল্যহার কমিয়ে ভারত থেকে সরকারি পর্যায়ের আমদানী করা কয়লাভিত্তিক বিদ্যুতের মূল্যহারে সাথে সামঞ্জস্য করা, অন্যথায় আদানির চুক্তি বাতিল করা। ক্যাব-এর পরিকল্পনার মূল লক্ষ্য হলো বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় প্রায় ৭.৫০ টাকায় নামিয়ে আনা। বিদ্যুৎ উৎপাদনে বছরে কম-বেশি ৫২ হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। একই সঙ্গে ভর্তুকি, মূল্যবৃদ্ধি, আমদানি-নির্ভরতা ও সরকারি আর্থিক চাপ কমিয়ে জনগণের সামর্থ্যসংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা ।
সামর্থ্যসংকট থেকে উত্তরণের জন্য জ্বালানি-বিদ্যুৎ খাত নিয়ে নতুনভাবে ভাবতে হবে। এর প্রধান ভিত্তি হবে জ্বালানি অপরাধ নির্মূল, দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি, জাতীয় সক্ষমতা তৈরি এবং অপ্রয়োজনীয় আমদানি নির্ভরতা কমিয়ে সকল পর্যায়ের ব্যয় হ্রাস। একই সঙ্গে এ খাতকে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে জনস্বার্থ, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে এমপিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় রাজনীতিতে জ্বালানি-বিদ্যুৎকে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জ্বালানি অপরাধীদের বিচার, সরকারি ব্যয় ও চুক্তির জবাবদিহি নিশ্চিত করা, এবং ভোক্তাস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নীতি ও আইন সংস্কারে সংসদকে কার্যকর ভূমিকা নিতে হবে।
পরিচিতি: জ্বালানি বিশেষজ্ঞ, জ্বালানি উপদেষ্টা, ক্যাব